হঠাৎ কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
হঠাৎ কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে চীনা যুবক, এলাকায় চাঞ্চল্য

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধর্মপুর কালিয়াটারি গ্রামে নিজেকে চীনের নাগরিক পরিচয় দিয়ে শ্বশুরবাড়িতে আসা এক যুবককে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৭ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিদেশি জামাই কুড়িগ্রামে’ শিরোনামে ওই যুবককে নিয়ে ছবি ও তথ্য ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনায় আসে। এর আগে শনিবার (১৬ মে) তিনি প্রথমবারের মতো শ্বশুরবাড়িতে গেলে উৎসুক জনতা ভিড় করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধর্মপুর এলাকার মোফাজ্জল হোসেন ও শাহেরা বেগম দম্পতির মেয়ে মোর্শেদা খাতুন (২৫) ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সেখানে কাজ করার সময় ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত ২০ এপ্রিল পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর শনিবার প্রথমবারের মতো স্বামীকে নিয়ে গ্রামের বাড়িতে আসেন মোর্শেদা। এ সময় স্বামী নিজেকে চীনের নাগরিক হিসেবে পরিচয় দিলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং কৌতূহলী মানুষ ভিড় করেন। স্থানীয়রা জানান, তার পরিচয় নিয়ে এলাকায় ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তবে ওই যুবকের পাসপোর্ট, ভিসা বা আনুষ্ঠানিক পরিচয়পত্র সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

মোর্শেদা খাতুন বলেন, মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিয়ে করেন। তার স্বামী তাকে চীনে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান তিনি। স্থানীয় ইউপি সদস্য ফেরদৌস আলম জানান, ঘটনাস্থলে গিয়ে বিয়ের কাবিননামা দেখা হয়েছে এবং তাদের বিয়ের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।