লালমনিরহাটে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা 


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
লালমনিরহাটে ভূমি সেবা মেলা-২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা 

“স্মার্ট ভূমি সেবায় কাটবে ভোগান্তি, নিশ্চিত হবে নাগরিক অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় আগামী ১৯ মে জাতীয়ভাবে মেলার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী, যা মেলা প্রাঙ্গণে প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

তিনি আরও জানান, জেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) আয়োজিত এ মেলায় নাগরিকরা সরাসরি বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এর মধ্যে রয়েছে ই-নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, অনলাইন সেবা বিষয়ে সচেতনতা এবং তাৎক্ষণিক অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা।

মেলার কর্মসূচি অনুযায়ী ১৯ মে র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, ২০ মে কুইজ প্রতিযোগিতা এবং ২১ মে সেমিনার ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মতবিনিময় সভায় সাংবাদিকরা ভূমি সেবার বাস্তব চ্যালেঞ্জ ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুললে জেলা প্রশাসক দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আধুনিক ভূমি ব্যবস্থাপনায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল নাগরিককে মেলায় অংশ নিয়ে সহজ ও ডিজিটাল ভূমি সেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।