ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষ, উখিয়ায় নারীর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৭, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
ফেসবুকে ‘হা-হা’ রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষ, উখিয়ায় নারীর মৃত্যু

কক্সবাজারের উখিয়া উপজেলায় ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে এলাকায় দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সেই ঘটনার জের ধরে শনিবার স্থানীয় এক ছাত্রদল নেতার দেওয়া ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে নতুন করে বিরোধ দেখা দেয়।

অভিযোগ রয়েছে, এ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে এক যুবককে মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করতে গেলে আরও কয়েকজন হামলার শিকার হন। একপর্যায়ে আহত ব্যক্তিকে রক্ষা করতে এগিয়ে গেলে তার মা ছৈয়দা বেগমকেও মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ছৈয়দা বেগম স্থানীয় বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী বলে জানা গেছে। ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। তবে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত বলে দাবি করেছেন এবং অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে উখিয়া থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে সংঘাতের এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।