
ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহার (৪৭) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঝিনাইদহ শহরের কেসি কলেজপাড়া এলাকার শ্যামল কুমার সাহার স্ত্রী।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ির চাকলাপাড়ায় পূজার প্রদীপ জ্বালানোর সময় অসাবধানতাবশত তেলসহ প্রদীপ শরীরে পড়ে আগুন ধরে যায়। এতে তার পুরো শরীর দগ্ধ হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুতে ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান রেখে গেছেন। মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের ছাত্রী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে মরদেহ ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। পরে চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে তার দাহ সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানান, রোববার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :