
নীলফামারীতে রেললাইনে পড়ে থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষে খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। রোববার সকাল ৮টার দিকে নীলফামারীর খয়রাতনগর রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চিলাহাটি থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর খুলনা মেইল (রকেট) এক্সপ্রেস নীলফামারী স্টেশনে যাত্রাবিরতির পর খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি খুলনাগামী রূপসা এক্সপ্রেসের যাত্রাও চিলাহাটি-নীলফামারী ও ডোমার স্টেশনে বাতিল করা হয়।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মিঠুর রায় জানান, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে আশা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :