জমিতে বালু ভরাট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৫:১৭ অপরাহ্ণ
জমিতে বালু ভরাট নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৪

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আব্দুল হালিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।

শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলাগারুড়িয়া ইউনিয়নর হেলেঞ্চা গ্রামে।

নিহত আব্দুল হালিম হাওলাদার ওই গ্রামের মৃত সিরাজ উদ্দিন হাওলাদারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন নিহতের ছোট ভাই দেলোয়ার হোসেন, ভাগিনা মিজানুর রহমান, খবির সিকদার এবং প্রতিপক্ষের কালাম হাওলাদার।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। ঘটনার দিন দুপুরে এক পক্ষ জমিতে বালু ভরাট করতে গেলে অপর পক্ষ বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে বাঁশ ও দেশীয় অস্ত্রের আঘাতে কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিম হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উজ্জ্বল হাওলাদার ও কালাম হাওলাদারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তদন্ত শুরু করে।

এদিকে ঘটনার খবর পেয়ে আবুল হোসেন খান ঘটনাস্থল ও থানায় গিয়ে নিহতের মরদেহ পরিদর্শন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় দেরি এবং উত্তেজনা নিয়ন্ত্রণে না আসার কারণেই এ ধরনের প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটছে।