
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ASSET প্রকল্পের ৮ম সাইকেলের কোর্স সমাপনী অনুষ্ঠান শনিবার (১৬ মে) বিকাল ৫টায় শেখপুরা মাতা সাগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করতে পারলেই অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এবং প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে প্রয়োগ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. হাবিবুল হাসান এবং সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। তাঁরা সবাই দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং ASSET প্রকল্পের মাধ্যমে তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও জানানো হয়, ASSET প্রকল্পের আওতায় ইলেকট্রিক্যাল, আরএসি (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং) এবং অটো মেকানিক্স কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন মোট ৭২ জন শিক্ষার্থী। সমাপনী অনুষ্ঠানে তাঁদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তাই এ ধরনের প্রকল্প দক্ষ জনশক্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনুষ্ঠানটি শেষ হয় সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের উচ্ছ্বাস ও অতিথিদের শুভকামনার মধ্য দিয়ে।
আপনার মতামত লিখুন :