রোগী মৃত্যুর জেরে হাসপাতালে হামলা, মাথা ফাঁটল চিকিৎসকের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
রোগী মৃত্যুর জেরে হাসপাতালে হামলা, মাথা ফাঁটল চিকিৎসকের

শরীয়তপুর সদর হাসপাতাল-এ এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চিকিৎসকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, সদর উপজেলার উত্তর বিলাসখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান। রোগীর মৃত্যুর খবর জানার পরই রাত সোয়া ১টার দিকে স্বজনরা উত্তেজিত হয়ে জরুরি বিভাগে হামলা ও ব্যাপক ভাঙচুর চালায়।

হামলায় জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. নাসির ইসলাম, আনসার সদস্য সোহেল সরদার, কামরুল, আজিজুল হক ও কাউসার গুরুতর আহত হন। আকস্মিক এ হামলায় পুরো হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্যান্য রোগী ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হামলায় আহত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনাটি চিকিৎসা সেবার পরিবেশে বড় ধরনের নিরাপত্তা সংকট তৈরি করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মিতু আক্তার বলেন, “রোগীর মৃত্যুর পর স্বজনরা আকস্মিকভাবে জরুরি বিভাগে হামলা চালায়। এতে চিকিৎসক ও আনসার সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। আহত চিকিৎসকের অবস্থা গুরুতর।” এদিকে শরীয়তপুরের পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত চলছে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে জেলা প্রশাসক ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, হাসপাতালে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যও ঘটনাটির নিন্দা জানিয়ে বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলাকারীদের পরিচয় যাই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই একজনকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।