মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না সন্তানকে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না সন্তানকে

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়া ২২ মাস বয়সী শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে কাভার্ডভ্যানের চাপায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনা শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটিয়ারি বিএমএ গেট এলাকায় ঘটে।

নিহতরা হলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তারিন আক্তার (২৮) এবং তার ২২ মাস বয়সী মেয়ে ইয়াসা। দুর্ঘটনায় আহত হয়েছেন তারিন আক্তারের স্বামী, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে স্বামী ও সন্তানকে নিয়ে ভাটিয়ারি গলফ ক্লাব এলাকায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। রাতের দিকে তারা মোটরসাইকেলে করে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় ফিরছিলেন। পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে হঠাৎ চলন্ত মোটরসাইকেল থেকে শিশুটি সড়কে পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে ছুটে যান মা তারিন আক্তার। ঠিক সেই মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুকন্যা ইয়াসারও মৃত্যু হয়।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মা তারিন আক্তারের মৃত্যু হয়। শিশুটি হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভাটিয়ারি এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের এক অফিস সহকারী ও তার শিশুকন্যার মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা জোরদার এবং দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।