বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যা করলেন স্ত্রী

নাটোর সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে বৃদ্ধ স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের চৌগাছী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সরকার মানু (৬৫) পেশায় কৃষক ছিলেন। তিনি ওই এলাকার মৃত জিয়ারত আলীর ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আব্দুল মান্নান সরকার মানুর সঙ্গে তার স্ত্রী রাতেজান বেগমের পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে দুপুরে মানু জমিতে কাজ শেষে বাড়িতে ফিরলে আবারও স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আব্দুল মান্নান সরকার ঘরের বিছানায় শুয়ে পড়লে স্ত্রী রাতেজান বেগম ক্ষিপ্ত হয়ে হাঁসুয়া দিয়ে তাকে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ ওঠে। এ সময় তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্ত্রী রাতেজান বেগমকে আটক করে।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান জানান, আটক রাতেজান বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।