প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ
প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক, ফিরলেন হতাশ হয়ে

প্রেমের টানে চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছিলেন ৩০ বছর বয়সী এক যুবক লিয়ন। পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম কলারদোয়ানিয়া ইউনিয়নে এসে পৌঁছান তিনি তার অনলাইন প্রেমিকা সিনথিয়া আক্তার তুবার সঙ্গে দেখা করতে। তবে প্রেমিকার বয়স বিয়ের আইনি সীমার নিচে থাকায় শেষ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শুভপরিণয় ছাড়াই তাকে ফিরে যেতে হয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন ও কৌতূহলের সৃষ্টি করেছে। জানা যায়, ভাষা শেখার জনপ্রিয় মোবাইল অ্যাপ ‘হ্যালোটক’-এর মাধ্যমে তুবা ও লিয়নের পরিচয় হয়। পরে তাদের যোগাযোগ হোয়াটসঅ্যাপে গড়ায় এবং ধীরে ধীরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের ভার্চুয়াল সম্পর্কের পর ভালোবাসার টানে চলতি মাসের ৮ মে লিয়ন চীন থেকে প্রথমে ঢাকায় আসেন।

পরবর্তীতে বৃহস্পতিবার (১৪ মে) তিনি পিরোজপুরের নাজিরপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে তুবার পরিবার তাকে স্বাগত জানিয়ে বাড়িতে নিয়ে যায়। বিদেশি এই অতিথিকে এক নজর দেখতে সেখানে ভিড় জমায় শত শত স্থানীয় উৎসুক মানুষ।

স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা যায়। স্থানীয় বাসিন্দা বাবুল বলেন, “শুনলাম চীন থেকে একজন এসেছে, তাই দেখতে এসেছি।” আরেক বাসিন্দা আকরাম হোসেন বলেন, “মোবাইলের মাধ্যমে পরিচয় হয়ে চীন থেকে কেউ এসেছে—এটা শুনে আমরাও দেখতে এসেছি।”

তুবার বাবা কাঞ্চন হাওলাদার জানান, কয়েকদিন ধরে তারা লিয়নের সঙ্গে ফোনে যোগাযোগ রাখছিলেন। তিনি সরাসরি বাড়িতে আসার পর তাকে বাঙালি ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। তবে তুবার বয়স অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি কারণে বিয়ের কোনো সুযোগ ছিল না। ফলে তাকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হয়।

ফিরে যাওয়ার আগে লিয়ন স্থানীয়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, তিনি তুবার জন্যই বাংলাদেশে এসেছিলেন এবং তার বয়স পূর্ণ হলে দুই বছর পর আবার আসার পরিকল্পনা রয়েছে। তখন তুবা রাজি থাকলে তিনি তাকে বিয়ে করে সংসার শুরু করতে চান বলেও জানান এই চীনা যুবক।