
ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মে) সকাল ৮টার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’ নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ‘স্বপ্ন পরিবহন’-এর যাত্রীরাই বেশি আহত হন। তারা মূলত একটি গার্মেন্টস ও গ্রাফিক্স টেক্সটাইল কারখানার কর্মচারী ছিলেন।
সংঘর্ষের পর একটি বাসের চালক গাড়ির ভেতরে আটকা পড়ে যান। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদেরকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং আশপাশের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও স্থানীয়রা জানিয়েছেন, মহাসড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে।
আপনার মতামত লিখুন :