দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


দিনাজপুর জেলা প্রতিনিধি, চন্দন ‌মিত্র   প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ২:৪৮ অপরাহ্ণ
দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ৯টা ৩০ মিনিটে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ এবং তফিউদ্দীন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস, দিনাজপুর ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চা শিশুদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে এবং তাদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাহায্য করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জেদান আল মুসা। তিনি বলেন, খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত মনোভাব গড়ে তোলে, যা ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও মেধাবী হিসেবে গড়ে তুলতে সহায়ক। জেলা প্রশাসক অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানিয়ে সুন্দর ও প্রতিযোগিতাপূর্ণভাবে টুর্নামেন্ট সম্পন্ন করার আহ্বান জানান।

উদ্বোধনী খেলাকে ঘিরে মাঠে ব্যাপক দর্শক উপস্থিতি লক্ষ্য করা যায়। শিশু-কিশোরদের অংশগ্রহণ ও দর্শকদের আগ্রহে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।