ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
ট্রাকের চাকা বদলাতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল বাবা-ছেলের

ফরিদপুরের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা পরিবর্তনের সময় অজ্ঞাত একটি গাড়ির চাপায় ট্রাকচালক ও তার ছেলে নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শনিবার (১৬ মে) ভোররাত ৪টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা এলাকায়।

নিহতরা হলেন যশোর জেলার রূপদিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ইউসুফ আলী (৫০) এবং তার ছেলে ইয়াকুব আলী (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী লেনে ঢাকা মেট্রো-ট ১৩-৬৪০২ নম্বরের একটি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের পাশে থামিয়ে চালক ইউসুফ আলী ও তার ছেলে ইয়াকুব আলী মিলে চাকা পরিবর্তনের কাজ করছিলেন।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাদের সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট শাহাদাত হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘাতক গাড়িটিকে শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে।