গাজীপুরে ৫ খুন: ফোরকানের মরদেহ মিলল পদ্মায়


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৯:৩২ অপরাহ্ণ
গাজীপুরে ৫ খুন: ফোরকানের মরদেহ মিলল পদ্মায়

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন কন্যা ও শ্যালককে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ফোরকান মোল্লার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গৌরদড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি ফোরকান মোল্লার বলে দাবি করেছে তার পরিবার। তবে আনুষ্ঠানিকভাবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া নেওয়া হতে পারে।

এর আগে গত বৃহস্পতিবার (১৪ মে) গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এক সংবাদ সম্মেলনে জানান, ফোরকান মিয়া পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে নদীতে ঝাঁপ দিতে দেখা গেছে। পরিবারের সদস্য ও মামলার বাদী ধারণা করছেন, ওই ব্যক্তি ফোরকান। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়।

গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাড়িতে ঘটে আলোচিত এই হত্যাকাণ্ড। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং তার শ্যালক রসুল মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, পেশায় প্রাইভেটকারচালক ফোরকান মিয়ার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরের মেরী গোপীনাথপুর গ্রামে। ঘটনার পরদিন সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে জানান যে, তিনি পাঁচজনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে নিহতদের মরদেহ দেখতে পান।

ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কিছু প্রিন্ট করা কাগজের সূত্র ধরে পুলিশ জানতে পারে, এর আগে ফোরকান তার স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাৎ ও পরকীয়ার অভিযোগ করেছিলেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দীর্ঘদিনের পারিবারিক কলহের জের ধরেই তিনি এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছেন।ঘটনাটি নিয়ে এলাকায় এখনও শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পুরো ঘটনার বিস্তারিত জানা যাবে।