আদিতমারীতে প্রহরীহীন বিদ্যালয়ে চুরি ও মাদকের আড্ডা


লালমনিরহাট প্রতিনিধি, ফারুক সূর্য প্রকাশের সময় : মে ১৬, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
আদিতমারীতে প্রহরীহীন বিদ্যালয়ে চুরি ও মাদকের আড্ডা

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নে অবস্থিত মরহুম আনছার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। নৈশপ্রহরী ও সীমানা প্রাচীর না থাকায় বিদ্যালয়টি এখন চুরি ও মাদকসেবীদের দখলে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, প্রতিদিন স্কুল ছুটির পর বহিরাগতদের আনাগোনা বাড়ে এবং রাত নামার সঙ্গে সঙ্গে ক্যাম্পাসে মাদকসেবীদের আড্ডা বসে। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত ১৫ মে (শুক্রবার) দিবাগত রাতে বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা অফিস কক্ষের তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানা যায়। এর আগেও ২০২৩ সালের জুলাই মাসে একই বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছিল, যেখানে প্রধান ফটক ও কক্ষের তালা ভেঙে আসবাবপত্র ও নথিপত্র চুরি হয়।

নিরাপত্তাহীনতার কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তারা বলছেন, এভাবে চলতে থাকলে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়রা বিদ্যালয়ে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ, নৈশপ্রহরী নিয়োগ এবং নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। পাশাপাশি চুরি যাওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের কার্যকর পদক্ষেপও চান তারা।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চোরচক্র শনাক্তে অভিযান চলছে। পাশাপাশি বিদ্যালয় এলাকায় টহল জোরদার করা হয়েছে যাতে মাদকসেবী ও বখাটেদের দৌরাত্ম্য বন্ধ করা যায়।