” বউ বারুণী বাঁশের মেলা ” জমে উঠেছে পীরগঞ্জের নিভৃত পল্লীতে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
” বউ বারুণী বাঁশের মেলা ” জমে উঠেছে পীরগঞ্জের নিভৃত পল্লীতে

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে যুগ যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী “বাঁশের মেলা” বা স্থানীয়দের ভাষায় “বউ বারুণী মেলা”। প্রতি বছরের মতো এবারও কয়েকদিন আগে শুরু হওয়া এ মেলার মূল আয়োজন চলছে ১৪, ১৫ ও ১৬ মে। তিনদিনব্যাপী মেলার দ্বিতীয় দিনে হাজারো মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

শুক্রবার সকাল ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে মেলা। গ্রামীণ ঐতিহ্যের নানা আয়োজনের মধ্যে রয়েছে চরকি খেলা, নাগরদোলা, যাদু প্রদর্শনী, নৌকা বাইচসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা। শিশু থেকে শুরু করে নারী-পুরুষ সব বয়সী মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।

তবে আনন্দঘন এই আয়োজনকে ঘিরে উঠেছে কিছু অভিযোগও। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যক্তি দাবি করেন, মেলার পাশের নির্জন স্থান ও ঝোপঝাড় এলাকায় লটারির আড়ালে জুয়ার আসর বসছে। পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলেও অভিযোগ ওঠে।

স্থানীয়দের একাংশের ভাষ্য, “এটি এখন শুধু ঐতিহ্যবাহী মেলা নয়, কিছু অসাধু চক্র এটিকে মাদক ও জুয়ার আখড়ায় পরিণত করার চেষ্টা করছে।” তবে সরেজমিনে ঘুরে এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়েনি। অনেকেই অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলেও মন্তব্য করেছেন।

এদিকে, বিপুল সংখ্যক মানুষের সমাগম হলেও মেলা প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা তুলনামূলক কম দেখা গেছে। ফলে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা বলেন, শতবর্ষী এ মেলার ঐতিহ্য ও সুনাম রক্ষায় নিরাপদ ও সুস্থ বিনোদনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলা কমিটির সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায় এবারের আয়োজন আরও জমজমাট হয়েছে।

উল্লেখ্য, “বউ বারুণী মেলা”র অন্যতম আকর্ষণ হলো—বন্ধ্যা নারীরা নদীর ঘাটে গিয়ে নিয়ত করে বাঁশ দান করলে মনোবাসনা পূর্ণ হয় বলে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের একটি লোকবিশ্বাস প্রচলিত রয়েছে।