তিস্তা সেতুতে পুলিশের বড় অভিযান: ২ কোটি টাকার মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, চঞ্চল। প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৫:৩০ অপরাহ্ণ
তিস্তা সেতুতে পুলিশের বড় অভিযান: ২ কোটি টাকার মার্কিন ডলারসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাট সদর থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় সন্দেহভাজন একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে অভিযানের বিষয়টি বৃহস্পতিবার রাতে সংবাদমাধ্যমকে জানানো হয় ।

পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে টোল প্লাজা এলাকায় একটি চেকপোস্ট বসানো হয়েছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি ইজিবাইক থামিয়ে যাত্রী মো. লিখন মিয়াকে (২৩) তল্লাশি করা হয়। পরে তার শরীরের সাথে অত্যন্ত ‘অভিনব’ কায়দায় লুকিয়ে রাখা ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোট রয়েছে।

গ্রেপ্তারকৃত লিখন মিয়া কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার নুরনবী সরকার বাবুর ছেলে। জব্দকৃত এই ডলারের বাংলাদেশি বাজারমূল্য প্রায় এক কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা। রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এই বিশাল সাফল্যের কথা নিশ্চিত করেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়েছিল। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা ‘ফরেন রেগুলেশন অ্যাক্ট’-এ মামলা দায়ের করা হয়েছে। এই মুদ্রার উৎস এবং পাচারের গন্তব্য সম্পর্কে তদন্ত চলছে।