ঘোড়াঘাটে কৃষি বিপ্লবের নতুন দিগন্ত: ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত


মোফাজ্জল হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৫:৩৫ অপরাহ্ণ
ঘোড়াঘাটে কৃষি বিপ্লবের নতুন দিগন্ত: ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিকে পুষ্টিনির্ভর ও বাণিজ্যিকীকরণের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়ে গেল ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিশেষ আয়োজন সম্পন্ন হয়।

মূলত ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখা এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই ছিল এই কংগ্রেসের মূল উদ্দেশ্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন দিনাজপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া।

অনুষ্ঠানে বক্তারা কৃষিখাতে নতুন সমীকরণের ওপর জোর দিয়ে বলেন, কেবল উৎপাদন বৃদ্ধিই নয়, বরং জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকারকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, বর্তমান কর্মসূচিগুলো সাধারণ কৃষকদের সফল কৃষি উদ্যোক্তায় রূপান্তর করতে সহায়ক ভূমিকা পালন করছে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা আক্তার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সবুর।

উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক কৃষক ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। সভার আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক স্থাপিত বিভিন্ন তথ্য ও প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং আধুনিক কৃষি কৌশলের নানাদিক নিয়ে আলোচনা করেন।