ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু


মোফাজ্জল হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
ঘোড়াঘাটে করতোয়া নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকোয়াদ ওই এলাকার মৃত মমদেলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিজের পালিত হাঁসগুলোকে নদীর ওপার থেকে এপারে আনতে করতোয়া নদীতে নামেন সাকোয়াদ। হাঁস পারাপারের সময় নদীর মাঝামাঝি এলাকায় গিয়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে।

খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে সাকোয়াদের মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।

হঠাৎ এমন মর্মান্তিক ঘটনায় শালিকাদহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাকোয়াদ একজন সাধারণ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে।