
চট্টগ্রামের সাতকানিয়ায় দুই স্কুলছাত্রীকে আটকে রেখে নির্যাতনের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্ধুপ্যাপাড়া এলাকার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওইদিন রাতেই ভুক্তভোগীদের পরিবার সাতজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অষ্টম ও নবম শ্রেণির দুই শিক্ষার্থী পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে তাদের লক্ষ্য করে কয়েকজন যুবক। পরে মোবাইল ফোনে আরও কয়েকজনকে ডেকে আনা হয়। এরপর তাদের জোরপূর্বক আটকে রাখা হয় এবং একজনকে নির্যাতনের শিকার করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর গুরুতর অসুস্থ অবস্থায় তারা বাড়ি ফিরে পরিবারকে বিষয়টি জানায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন— মো. ছৈয়দ (১৫), মো. রাকিব (২০), মো. মানিক ইসলাম (২০) ও আব্দুর রহিম (১৮)।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, ভুক্তভোগীদের জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে তাদের চিকিৎসা ও ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :