কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:৩৫ অপরাহ্ণ
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় জুয়েল চন্দ্র দাস (২৮) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল চন্দ্র দাস অষ্টগ্রাম উপজেলার ভাটিনগর গ্রামের মৃত সমেন্দ্র দাসের ছেলে।

কটিয়াদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম জানান, ভোররাতে পিকআপভর্তি পাঙাশ মাছ নিয়ে জুয়েল হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে পিরিজপুর এলাকায় পৌঁছালে পিকআপটির একটি চাকা বিকল হয়ে যায়।

এরপর তিনি গাড়িটি সড়কের পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার জন্য দায়ী যানবাহনটি শনাক্ত ও জড়িতদের খুঁজে বের করতে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।