৪ বগি রেখেই চলে গেল মধুমতি এক্সপ্রেস ট্রেন


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
৪ বগি রেখেই চলে গেল মধুমতি এক্সপ্রেস ট্রেন

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে অস্বাভাবিক একটি ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনের পেছনের চারটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৭টার দিকে নাটোরের লালপুর উপজেলার আজিমনগর-ঈশ্বরদী বাইপাস স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ পেছনের কয়েকটি বগির সংযোগস্থলের হুক খুলে যায়। এর ফলে চারটি কোচ মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ইঞ্জিনটি কিছুটা সামনে এগিয়ে যায়।

ঘটনাটি টের পাওয়ার পরপরই চালক দ্রুত ট্রেন থামিয়ে ইঞ্জিনটি পুশ ব্যাক করে বিচ্ছিন্ন বগির সঙ্গে পুনরায় সংযুক্ত করেন। প্রায় ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হওয়ার পর সকাল ৮টার দিকে ট্রেনটি পুনরায় ঢাকা অভিমুখে যাত্রা শুরু করে।

ঘটনার সময় যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো ধরনের হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

অন্যদিকে পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) আনোয়ার হোসেন বলেন, ট্রেনের পেছনের অংশের সংযোগস্থলের হুক খুলে যাওয়ায় চারটি কোচ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে চালকের দ্রুত পদক্ষেপ ও রেলকর্মীদের সহায়তায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, এ ঘটনায় ট্রেন চলাচলে বড় কোনো বিঘ্ন ঘটেনি এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই যাত্রা পুনরায় শুরু করা হয়েছে। তবে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য রেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।