সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
সারাদেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু

দেশে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে একজনের মৃত্যু সরাসরি হাম আক্রান্ত হিসেবে নিশ্চিত করা হয়েছে। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৯ জনে।

এদিকে আক্রান্তের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৪১৯ জনে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করছেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কারও মধ্যে জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি, চোখ লাল হওয়া কিংবা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।