মালয়েশিয়ায় বিশেষ অভিযান, আটক ৮৮ বাংলাদেশি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, আটক ৮৮ বাংলাদেশি

মালয়েশিয়ার দুই রাজ্যে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বিশেষ এই অভিযানে মোট ১৩৪ জন বিদেশিকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৮৮ জন বাংলাদেশি রয়েছেন।

বুধবার (১৩ মে) কেদাহ রাজ্যের কুলিম ও কোটা সেতার এলাকা এবং জোহর রাজ্যের মুয়ার জেলায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়। কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানায়, বুধবার সকাল ১০টা থেকে পরিচালিত অভিযানে ২৩ জন কর্মকর্তা অংশ নেন। গোপন তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি স্থাপনায় তল্লাশি চালিয়ে মোট ১২০ জন স্থানীয় ও বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ৯১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

আটকদের মধ্যে ৭১ জন বাংলাদেশি পুরুষ এবং একজন বাংলাদেশি নারী রয়েছেন। এছাড়া থাইল্যান্ড, চীন, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিকরাও আটক হয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৫৭ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরে তাদের বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়।

অন্যদিকে জোহরের মুয়ার জেলায় ছয়টি আসবাবপত্র কারখানা ও শ্রমিকদের আবাসস্থলে অভিযান চালিয়ে আরও ৪৩ জন বিদেশিকে আটক করা হয়। জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, মুয়ার, সেগামাত ও বাতু পাহাত শাখার সমন্বয়ে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের আটক করে। জোহর রাজ্যের অভিযানে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান, মিয়ানমার, নেপাল, চীন ও ইন্দোনেশিয়ার নাগরিকরা আটক হন। এছাড়া দুই কিশোরীসহ অপ্রাপ্তবয়স্ক কয়েকজনও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিদের বয়স ১৪ থেকে ৬২ বছরের মধ্যে। তাদের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, অবৈধ বিদেশি শ্রমিকদের আশ্রয় বা সহায়তা দেওয়ার যেকোনো প্রচেষ্টা কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে।