চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে গুলিবিদ্ধ শিশু রেশমি মারা গেছে

চট্টগ্রামে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনায় চোখে গুলিবিদ্ধ ১১ বছর বয়সী শিশু রেশমি আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক)–এর আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহত রেশমি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা রিয়াজ আহমেদ একজন সবজি বিক্রেতা এবং পরিবারের পাঁচ ভাই-বোনের মধ্যে রেশমি ছিল সবচেয়ে ছোট সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজু (২৪) নামে এক যুবককে লক্ষ্য করে ৫–৬ জন মুখোশধারী দুর্বৃত্ত গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন। ওই সময় মায়ের কথায় দোকান থেকে পান আনতে যাওয়ার পথে গুলির মধ্যে পড়ে যায় শিশু রেশমি। একটি গুলি তার চোখে বিদ্ধ হয়।

আহত অবস্থায় প্রথমে তাকে চমেক হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে আইসিইউ শয্যা না থাকায় পরিবারের সদস্যরা তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে আইসিইউ খালি হলে আবারও চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসা চলার পর বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, শিশুটি গত শুক্রবার থেকে আইসিইউতে চিকিৎসাধীন ছিল এবং সকালে তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় নিহত হাসান রাজুর মায়ের করা মামলায় এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।