গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৪, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
গাজীপুরে ৫ খুনে অভিযুক্ত সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে হত্যার আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের পর তিনি পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যবহৃত ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

পুলিশ সূত্র জানায়, পাঁচজনকে হত্যার ঘটনার পর থেকেই ফোরকান পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছিল। এ সময় পদ্মা সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া ব্যাগ ও কাপড় যাচাই করে সেগুলো ফোরকানের বলে নিশ্চিত হওয়া যায়। পরে পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

গত শুক্রবার (৮ মে) দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

পুলিশ জানায়, পেশায় প্রাইভেটকারচালক ফোরকান প্রায় এক বছর আগে ওই এলাকায় বাসা ভাড়া নেন। ঘটনার পরদিন শনিবার সকালে তিনি তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোন করে হত্যার বিষয়টি জানান বলে অভিযোগ রয়েছে। পরে প্রতিবেশীরা বাড়িতে গিয়ে নিহতদের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

ঘটনাস্থল থেকে কিছু আলামত উদ্ধার করা হয়। এছাড়া বেশ কিছু প্রিন্ট করা কাগজও পাওয়া যায়, যেখানে পারিবারিক বিরোধ ও স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের বিষয় উল্লেখ ছিল। তদন্তকারীরা ধারণা করছেন, পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর আগে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুরো ঘটনার বিস্তারিত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।