টাঙ্গাইলে হামের বদলে নবজাতককে দেওয়া হলো জলাতঙ্কের টিকা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
টাঙ্গাইলে হামের বদলে নবজাতককে দেওয়া হলো জলাতঙ্কের টিকা

টাঙ্গাইলের ভূঞাপুরে ফাতিহা নামে এক মাস বয়সী এক শিশুকে ভুল করে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার জানায়, ওই দিন টিকা দিতে শিশুটিকে নিয়ে হাসপাতালে যান তার মা মৌ। সেখানে টিকা প্রদানের দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু। তবে তিনি অনুপস্থিত থাকায় অবসর প্রস্তুতিমূলক ছুটিতে (পিআরএল) থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পাওয়ার পর স্বাস্থ্য পরিদর্শক কাইয়ুম ভুলবশত শিশুটিকে কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত র‍্যাবিক্স ভ্যাকসিনের দুটি ডোজ প্রয়োগ করেন। পরে বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে তাদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলেও অভিযোগ ওঠে।

পরিবারের দাবি, ভুল টিকা দেওয়ার পর থেকেই শিশুটি ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার। এ বিষয়ে অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম নিজের ভুলের কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদও ঘটনার দায় স্বীকার করে এটিকে অনাকাঙ্ক্ষিত ভুল বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, “এ ধরনের ভুল হওয়া উচিত ছিল না, আরও সতর্ক থাকা দরকার ছিল।” তবে তিনি আরও জানান, ওই ভ্যাকসিনে বড় কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি উঠেছে।