বাংলাদেশ সরকারের টিকাদান কর্মসূচিকে আরও গতিশীল ও কার্যকর করতে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন (Sinovac Foundation) ৩ লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এ ভ্যাকসিন ইপিআই কার্যক্রমে ব্যবহৃত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (১৩ মে) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ভ্যাকসিন হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন প্রধান অতিথি হিসেবে ভ্যাকসিন গ্রহণ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অনুদানকৃত ভ্যাকসিনটির নাম Poliomyelitis Vaccine (Vero Cell, Inactivated Sabin Strains) (sIPV)। মোট ৩ লাখ ৮০ হাজার ডোজ ভ্যাকসিনের মধ্যে রয়েছে ৭৬ হাজার ভায়াল।
অনুষ্ঠানে চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশে টিকাদান কর্মসূচি শক্তিশালী করতে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই অনুদান দেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-কে আরও গতিশীল করবে এবং শিশুদের পোলিও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে টিকাদান কর্মসূচি আরও শক্তিশালী হলে শিশু স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে এবং পোলিও নির্মূলের চলমান অগ্রযাত্রা আরও বেগবান হবে।
আপনার মতামত লিখুন :