
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭ জন হামের উপসর্গে এবং ১ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশে গত দেড় মাসে মোট ৪৩২ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৩ মে সকাল ৮টা পর্যন্ত সময়ে হামে আক্রান্ত ও উপসর্গজনিত জটিলতায় এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে ৬৯ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল, আর ৩৬৩ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে সারা দেশে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৫০ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৫৩ হাজার ৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। শিশুদের মধ্যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, সচেতনতার অভাব এবং দ্রুত চিকিৎসা না পাওয়ার কারণে হাম পরিস্থিতি জটিল আকার ধারণ করতে পারে। তারা শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং আক্রান্তদের আলাদা রাখার পরামর্শ দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় নজরদারি জোরদার এবং টিকাদান কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :