শোলাকিয়ায় ঈদের জামাতের সময় প্রকাশ


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:১১ অপরাহ্ণ
শোলাকিয়ায় ঈদের জামাতের সময় প্রকাশ

কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এটি হবে ১৯৯তম ঈদের জামাত। এ জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

বুধবার (১৩ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শোলাকিয়া ঈদগাহ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিবছরের মতো এবারও দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের যাতায়াত সহজ করতে ‘শোলাকিয়া এক্সপ্রেস’ নামে দুটি বিশেষ ট্রেন সার্ভিস চালু থাকবে। এতে ঈদগাহে আগমন ও প্রস্থান আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

সভায় ঈদ জামাতকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাঠের প্রস্তুতি ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ২ প্লাটুন বিজিবিসহ র‍্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মিজাবে রহমত, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলী মারুফসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ দীর্ঘদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ঈদের জামাত আয়োজনের জন্য পরিচিত। প্রতি বছর লাখো মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করেন।