
মাদকবিরোধী অভিযানে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাট জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রমে কৃতিত্বের ভিত্তিতে ‘গ’ গ্রুপে সারা দেশে প্রথম স্থান অর্জন করে জেলা পুলিশ।
গত মঙ্গলবার (১২ মে) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
পুলিশ সূত্র জানায়, “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত এক বছরে লালমনিরহাট জেলা পুলিশ মাদক নির্মূলে ব্যাপক অভিযান পরিচালনা করে। বিভাগীয় ও জাতীয় পর্যায়ের তথ্য বিশ্লেষণ এবং আভিযানিক সফলতার ভিত্তিতে এ শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়েছে।
পুরস্কার গ্রহণ শেষে প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, “এই অর্জন লালমনিরহাট জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
জাতীয় পর্যায়ের এ স্বীকৃতিতে লালমনিরহাট জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা পুলিশ সুপারের নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রশংসা করেছেন।
সংশ্লিষ্টদের মতে, এ অর্জন ভবিষ্যতে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আরও অনুপ্রাণিত করবে।
আপনার মতামত লিখুন :