ভাড়া বাসা থেকে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
ভাড়া বাসা থেকে নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহে এক নারী হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন। বুধবার (১৩ মে) সকালে শহরের পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলাকানাই এলাকার একটি হোটেলে প্রায় ১৮ দিন আগে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাসিন্দা ১৯ বছর বয়সী খুশি খাতুন। তিনি রিকশাচালক স্বামী সোহাগ হোসেনের সঙ্গে সাদাতিয়া সড়কের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে স্বামীর সঙ্গে বাসায় ফেরেন খুশি খাতুন। পরে সকালে ঘরের ভেতরে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর থেকে নিহত নারীর স্বামী সোহাগ হোসেন পলাতক রয়েছেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।