সীমান্তবর্তী নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার মানুষের দীর্ঘ ১১০ বছরের পুরোনো স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অগ্রগতি দেখা দিয়েছে। জারিয়া–ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন থেকে দুর্গাপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে।
এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বুধবার (১৩ মে) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জারিয়া–ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক। দুপুরে তারা জারিয়া–ঝাঞ্জাইল রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন এবং পরে দুর্গাপুর উপজেলা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিকেলে পৌর শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
স্থানীয়দের মতে, দুর্গাপুর প্রাকৃতিক সৌন্দর্য ও কৃষি–ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এখানে রেল যোগাযোগ চালু হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং পর্যটন খাতেও নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ও নিরাপদ যোগাযোগ স্থাপিত হবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, রেলপথ চালু হলে মালামাল পরিবহনে খরচ কমবে এবং পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি কমে যাবে। দুর্গাপুর থেকে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে ব্যবসা-বাণিজ্যে গতি আসবে। শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, রেল যোগাযোগ চালু হলে উচ্চশিক্ষার জন্য ময়মনসিংহ ও অন্যান্য শহরে যাতায়াত সহজ ও আরামদায়ক হবে।
আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরাও রেলপথকে সাধারণ মানুষের জন্য বড় সুবিধা হিসেবে দেখছেন। তাদের মতে, এতে যাতায়াত খরচ কমবে এবং রাজধানীসহ বিভিন্ন শহরে যাতায়াত সহজ হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, শতাধিক বছরের পুরোনো এই রেলপথ সম্প্রসারণের স্বপ্ন এবার বাস্তবায়নের দিকে এগোচ্ছে, যা দুর্গাপুরবাসীর জন্য একটি বড় উন্নয়ন সম্ভাবনা তৈরি করবে।
আপনার মতামত লিখুন :