ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবারও দেখা দিয়েছে নানা ধরনের চমক। তবে সব আলোচনাকে ছাপিয়ে নারায়ণগঞ্জের একটি খামারের গোলাপি রঙের এলবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে রাখা ছিল। এর মাথার সামনের লম্বা লালচে-সোনালি চুল অনেকের কাছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের স্টাইলের কথা মনে করিয়ে দেয়। সেই মিল থেকেই খামার কর্তৃপক্ষ মজার ছলে এর নাম রাখে ‘ডোনাল্ড ট্রাম্প’।

খামারে গিয়ে দেখা যায়, দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে এই ব্যতিক্রমী মহিষটি। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে পরিচয় করিয়ে দিচ্ছেন ‘নারায়ণগঞ্জের ট্রাম্প’কে।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহী থেকে মহিষটি সংগ্রহ করা হয়। এরপর প্রায় ১০ মাস ধরে বিশেষ যত্নে লালন-পালন করা হয়েছে। তিনি বলেন, প্রথমে মহিষটির কোনো নাম ছিল না। পরে ছোট ভাইয়ের মজার মন্তব্য থেকেই এর নাম ‘ডোনাল্ড ট্রাম্প’ হয়ে যায়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

খামার সূত্রে জানা গেছে, মহিষটির খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, তিলের খৈল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও তাজা ঘাস। নিয়মিত গোসলসহ আলাদা পরিচর্যাও করা হয়। পরিচর্যাকারী কাউসার মিয়া বলেন, মহিষটি শান্ত স্বভাবের এবং অন্য পশুর তুলনায় এর বিশেষ যত্ন নেওয়া হয়।

খামারের আরেক কর্মচারী জুবায়ের জানান, তাদের খামারে ‘তুফান’, ‘রহমান ডাকাত’ ও ‘মাস্তান’ নামের আরও পশু রয়েছে। তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ খামারে এসে মহিষটি দেখতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখে প্রথমে বিশ্বাস হয়নি, পরে সামনে এসে সত্যিই অবাক হয়েছেন।

খামার কর্তৃপক্ষ জানায়, এবারের ঈদে তাদের খামারে প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এই মহিষটি, যা ইতোমধ্যে ঢাকার এক ক্রেতার কাছে বিক্রি হয়েছে। লাইভ ওজন হিসেবে প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট প্রায় ৩ লাখ ৮৫ হাজার টাকায় এটি বিক্রি হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, এটি কোনো বিদেশি জাত নয়, বরং দেশি এলবিনো প্রকৃতির মহিষ। শরীরে রঞ্জক পদার্থের অভাবে এ ধরনের ভিন্ন রং ও বৈশিষ্ট্য দেখা যায়।

সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন খামার ব্যবসায় নতুন মাত্রা যোগ করেছে। একটি ব্যতিক্রমী নাম ও ভাইরাল কনটেন্ট মুহূর্তেই ব্যাপক আগ্রহ তৈরি করতে সক্ষম হচ্ছে।