চট্টগ্রামে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধে খুন হলেন মাদরাসা সুপার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
চট্টগ্রামে চাচাতো ভাইদের সঙ্গে বিরোধে খুন হলেন মাদরাসা সুপার

চট্টগ্রামের লোহাগাড়ায় চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মাওলানা আবুল কাশেম (৬০) নামে এক মাদরাসা সুপার নিহত হয়েছেন।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম একই এলাকার মৃত আব্দুর সোবহানের ছেলে। তিনি স্থানীয় চরম্বা জামেউল উলুম মাদরাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চাচাতো ভাইদের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার। ঘটনার দিন বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষের লোকজন স্থাপনা নির্মাণ শুরু করলে আবুল কাশেম সেখানে গিয়ে বাধা দেন। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন লাঠি দিয়ে আবুল কাশেমকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের উপপরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক।