উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ১


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১৩, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে হাসমত উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টার দিকে ক্যাম্প-৮ এর বি ব্লকের ভেতরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হাসমত উল্লাহ ওই ক্যাম্পের বাসিন্দা। পরে তাকে উদ্ধার করে প্রথমে ক্যাম্পের ব্র্যাক হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়। তার ডান হাতে দুটি গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কর্মকর্তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ ও রোহিঙ্গা সূত্রে জানা গেছে, সম্প্রতি নবী হোসেন বাহিনী নামে পরিচিত আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) এবং আরাকান রোহিঙ্গা অর্গানাইজেশন (এআরও)-এর মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করেছে। এর জেরে গত ৫ মে ক্যাম্প-৭ এলাকায় এআরও কমান্ডার কেফায়েত উল্লাহ হালিম নিহত হন। পরদিন ৬ মে ক্যাম্প-৮ এলাকায় এআরও সদস্যদের গুলিতে নবী হোসেন বাহিনীর দুই সদস্য নিহত হন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ক্যাম্প-৮ পশ্চিম অংশে ১০-১২ জন সশস্ত্র সদস্যের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয় রোহিঙ্গা নেতারা জানান, এ ঘটনায় সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ক্যাম্প এলাকায় টহল জোরদার করা হয়েছে।