
দেশে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতিদিনই শিশু মৃত্যুর খবর আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকা সরবরাহ ও ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে কি না—এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। মঙ্গলবার (১২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন, হামের টিকা সরবরাহে অবহেলার কারণে শিশুমৃত্যু বাড়ছে, যা আড়াল করার চেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, সরকারের পক্ষে কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিষয়টি “সাফাই দিয়ে” আড়াল করার চেষ্টা করছে। এ ধরনের ভূমিকার জন্য সংশ্লিষ্টদেরও আইনের আওতায় এনে তদন্তের দাবি জানান তিনি।
পোস্টের সঙ্গে তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের বিক্ষোভের ছবিও শেয়ার করেন, যেখানে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবি জানানো হয়।
এদিকে হামের টিকা কেন সংগ্রহ করা হয়নি, তা খতিয়ে দেখতে সরকার একটি আন্তর্জাতিক মানের তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, টিকা কেনায় অনিয়ম বা অবহেলা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তবে আপাতত হামের পরিস্থিতিকে জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন।
দেশে শিশু স্বাস্থ্য পরিস্থিতি ও টিকা ব্যবস্থাপনা নিয়ে এই বিতর্ক নতুন করে জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
আপনার মতামত লিখুন :