নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা (JERA) মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (১৩ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও পরে আহতদের নাম-পরিচয় জানা যায়। দগ্ধরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শংকর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা জানান, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ক্যান্টিনে থাকা অন্তত ১২ জনের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা দগ্ধ হয়। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে কয়েকজন ক্যান্টিন বয় এবং বাকিরা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী। তার ধারণা, রান্নার পর গ্যাসের চুলা বন্ধ না থাকায় লিকেজ থেকে গ্যাস জমে থাকতে পারে। পরে আগুনের সংস্পর্শে আসায় এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।
এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দুপুরে ১২ জন দগ্ধ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের কার কত শতাংশ পুড়ে গেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
আপনার মতামত লিখুন :