হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজনের মৃত্যু সরাসরি হামে আক্রান্ত হয়ে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছেন।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত তথ্যের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

এছাড়া ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪ জনে। একই সময়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্তদের মধ্যে বিপুল সংখ্যক রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এখন পর্যন্ত হামের সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৮৮১ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ৮৭৭ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় শিশুদের টিকাদান নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। বিশেষ করে যেসব শিশু এখনও টিকার আওতার বাইরে রয়েছে, তাদের দ্রুত টিকাদান কর্মসূচির অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রমে অংশ নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।