
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) ভোরে পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।
নিহত দুই কিশোর হলো সিদ্ধিরগঞ্জের চৌধুরীবাড়ি ভূঁইয়াপাড়া এলাকার মো. জাকিরের ছেলে মনিরুল (১৫) এবং ৬ নম্বর ওয়ার্ডের মুনলাইট এলাকার মিজান শিকদারের ছেলে শুভ (১৫)। তারা দুজনই গুদনাইল বাগপাড়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার (১১ মে) দুপুরে মাদরাসার পরীক্ষা শেষে মনিরুল ও শুভসহ পাঁচ বন্ধু নাভানা মাঠে ফুটবল খেলে। খেলা শেষে তারা ডিএনডি লেকের বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজ সংলগ্ন স্থানে গোসল করতে নামে।
গোসল শেষে তিনজন বাড়ি ফিরে গেলেও মনিরুল ও শুভ আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকের পানিতে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
এসআই মাসুম বিল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি হস্তান্তর করা হয়।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, খেলার পর গোসলে নেমে এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে, তাই লেক এলাকায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :