বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ৪ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি ৩২ ঘণ্টায়ও


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ৪ স্কুলছাত্রীর সন্ধান মেলেনি ৩২ ঘণ্টায়ও

পটুয়াখালীর বাউফলে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর চার শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনার ৩২ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

রোববার (১০ মে) সকালে উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়নে পৃথকভাবে নিজ নিজ বাড়ি থেকে বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয় তারা। পরে আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—সানজিদা আক্তার (১২), ইসমত জেরিন (১২), সানজিদা আক্তার রায়সা (১৩) এবং আয়শা আক্তার (১৫)। এর মধ্যে সানজিদা, ইসমত ও রায়সা নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা যথাক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণিতে পড়াশোনা করে। অন্যদিকে আয়শা অন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নিখোঁজ তিন শিক্ষার্থী সেদিন শ্রেণিকক্ষে উপস্থিত ছিল না। পরে বিকেলে অভিভাবকদের কাছ থেকে জানা যায়, তারা বিদ্যালয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর সহপাঠী ও পরিচিতজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে বিদ্যালয় এবং পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তারা ব্যর্থ হন। পরে রাত ১২টার দিকে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৮) দায়ের করা হয়।

এ বিষয়ে জিডির তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ শিক্ষার্থীদের কারও সঙ্গে মোবাইল ফোন না থাকায় প্রযুক্তিগতভাবে অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তবে বাস ও লঞ্চঘাটসহ সম্ভাব্য যাতায়াতের বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত তাদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীরা বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে না আসায় সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান চালানো হচ্ছে।