
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ফসলি মাঠ থেকে হাত-পা বাঁধা ও মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১২ মে) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের নওজোর গ্রামের নিশ্চিন্তা মাঠের একটি কাটা বোরো ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ওই মাঠের দুলু চেয়ারম্যানের জমির ধান কাটা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই কাটা ধানক্ষেত দিয়ে যাওয়ার সময় তীব্র দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তারা দেখতে পান ধানক্ষেতের একটি অংশে মাটি আলগা করা এবং সেখান থেকে একটি মানুষের হাত বের হয়ে আছে। এ দৃশ্য দেখে তারা চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন।
পরবর্তীতে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি আক্কেলপুর থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি সরিয়ে হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
তিলকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সেলিম রেজা বাদশা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়েছে। তবে মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি ২ থেকে ৩ দিন আগের। নিহতের পরিচয় শনাক্ত ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। পুলিশ বলছে, দ্রুতই ঘটনার রহস্য উদঘাটনে তারা কাজ করছে।
আপনার মতামত লিখুন :