দিনাজপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২


দিনাজপুর প্রতিনিধি, চন্দন মিত্র প্রকাশের সময় : মে ১২, ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
দিনাজপুরে র‌্যাবের অভিযানে বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ২

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৩ এর সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে টেবিলের নিচে রাখা প্লাস্টিকের ব্যাগ থেকে প্রায় ৬ দশমিক ৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বীরগঞ্জ উপজেলার গণগাঁও এলাকার আব্দুর রউফ (৬২) এবং দগরাই খাটিয়াদীঘি এলাকার গণি মিয়া (৫৪)।

র‌্যাব জানায়, আটক দুই ব্যক্তি পরস্পরের সহযোগিতায় মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি গোপনে সংরক্ষণ করে বিদেশে পাচারের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচার রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।