
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ‘ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন’ বা মাঠ প্রযুক্তি পরিচিতি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের প্রতাব ব্লকে ‘পার্টনার’ (PARTNER) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃষকদের নতুন প্রযুক্তি ব্যবহার করে ধান চাষে উদ্বুদ্ধ করা হয়।
মূলত নতুন জাতের রাইস (ধান) চাষে অ্যাল্টারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং (AWD) বা পর্যায়ক্রমে ভেজানো ও শুকানো পদ্ধতি সম্পর্কে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এই পদ্ধতিতে সেচের পানির অপচয় কমে এবং ধানের ফলন বাড়াতে সহায়তা করে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরেজমিন উইং-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অপূর্ব ভট্টাচার্য, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুর রব সরকার এবং উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার।
কৃষি কর্মকর্তারা জানান, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কম খরচে বেশি উৎপাদন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ভূগর্ভস্থ পানির ব্যবহারও কমে আসে, যা পরিবেশের জন্য ইতিবাচক।
মাঠ পর্যায়ের এই কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক কৃষক অংশগ্রহণ করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারে আগ্রহ প্রকাশ করেন। স্থানীয় কৃষকদের প্রত্যাশা, এই পদ্ধতি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে তারা উৎপাদন বাড়িয়ে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
আপনার মতামত লিখুন :