পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১১, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
পশুবাহী গাড়িতে চাঁদাবাজির সুযোগ নেই: সড়কমন্ত্রী

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুবাহী গাড়িতে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে পশুবাহী গাড়ি নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে থাকবে। কোথাও চাঁদাবাজি বা হয়রানির সুযোগ দেওয়া হবে না। এ সময় তিনি শরীয়তপুর অঞ্চলের উন্নয়ন নিয়েও মন্তব্য করেন। মন্ত্রী বলেন, গত ১৮ বছরে শরীয়তপুরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি অভিযোগ করেন, অতীত সময়ে উন্নয়নের নামে অনিয়ম ও লুটপাট হয়েছে।

তিনি আরও বলেন, শরীয়তপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের উন্নয়ন নিয়ে সরকার কাজ করছে। একই সঙ্গে শরীয়তপুরের ওপর দিয়ে রেললাইন থাকলেও সেখানে কোনো স্টেশন না থাকায় সেটি নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, বিভিন্ন মেগা প্রকল্পের নামে দেশে অর্থ ব্যয় হলেও অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত কাজ হয়নি। এতে অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তবে বর্তমান সরকার সীমিত সম্পদের মধ্যেও অগ্রাধিকার ভিত্তিতে জনসেবামূলক কাজ এগিয়ে নিচ্ছে বলে দাবি করেন।

তিনি বলেন, প্রশাসনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, উন্নয়ন কার্যক্রম নিয়মিত তদারকি করতে হবে। সরকারও এ বিষয়ে নজরদারি বাড়াবে। জনগণের উদ্দেশে তিনি বলেন, জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা ও টেকসই উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় তিনি রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, অতীতে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার কারণে পরিবর্তন এসেছে। তিনি ধৈর্য ধরে সরকারের পাশে থাকার আহ্বান জানান।