
নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাটি কাটার ফলে তৈরি হওয়া গর্তে জমে থাকা পানিতে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো নরোত্তমপুর গ্রামের আতিক উল্লাহ হাজী বাড়ির জোবায়েদ ও নুর নাহার বেগমের মেয়ে নিহা (৩) এবং একই বাড়ির ইউসুফ ও তাসলিমা আক্তারের মেয়ে জান্নাত (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে এ ধরনের গভীর গর্ত তৈরি হচ্ছে, যা বর্ষা মৌসুমে পানিতে ভরে শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :