‘মা দিবসে’ ছেলেকে কিডনি দিচ্ছেন ৬০ বছর বয়সী নাসিমা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
‘মা দিবসে’ ছেলেকে কিডনি দিচ্ছেন ৬০ বছর বয়সী নাসিমা

আজ বিশ্ব মা দিবস। মাতৃত্বের ভালোবাসা ও ত্যাগের এক অসাধারণ উদাহরণ স্থাপন করেছেন শরীয়তপুরের জাজিরা উপজেলার জাজিরা পৌরসভার খলিফাকান্দি এলাকার বাসিন্দা ও স্কুল শিক্ষক নাসিমা সুলতানা। ৬০ বছর বয়সে এসে তিনি নিজের একমাত্র ছেলের জীবন বাঁচাতে কিডনি দান করছেন।

তার ছেলে নাসিম জাহান আকাশ (২৮) দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, প্রায় আট মাস আগে তার কিডনি বিকল হওয়ার বিষয়টি ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা চলছিল। পরিবার জানায়, আকাশের শারীরিক অবস্থার অবনতি হলে মা নাসিমা সুলতানা বিন্দুমাত্র দেরি না করে নিজেই কিডনি দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা জানান, বয়স ও শারীরিক ঝুঁকির কারণে এই অস্ত্রোপচারটি জটিল হতে পারে, তবুও মা তার সিদ্ধান্তে অটল থাকেন।

আজ (১০ মে) রাত ১০টায় রাজধানীর সিকেডি হাসপাতাল-এ মা ও ছেলের এই কিডনি প্রতিস্থাপন অস্ত্রোপচার শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নাসিমা সুলতানা স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। একজন শিক্ষিকা হিসেবে যেমন তিনি বহু শিক্ষার্থী গড়ে তুলেছেন, তেমনি একজন মা হিসেবে নিজের সন্তানের জীবন বাঁচাতে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দৃষ্টান্ত স্থাপন করছেন।

পরিবারের সদস্যরা জানান, ছেলের অসুস্থতার খবর জানার পর থেকেই তিনি মানসিকভাবে প্রস্তুত ছিলেন। চিকিৎসকদের পরামর্শ ও পরীক্ষার পর কিডনি প্রতিস্থাপনের বিষয়টি চূড়ান্ত করা হয়। আকাশের খালা আবেগাপ্লুত হয়ে বলেন, “এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু একজন মা তার সন্তানের জন্য সবকিছু করতে পারেন—আজ সেটাই প্রমাণ করলেন তিনি।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্য করছেন, মা দিবসে এর চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। নেটিজেনরা মা ও ছেলের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারটি জটিল হলেও অভিজ্ঞ মেডিকেল টিম এটি সম্পন্ন করবে এবং প্রয়োজনীয় সব ধরনের পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।