বজ্রপাত থেকে সুরক্ষায় নির্মিত হবে বিশেষ আশ্রয়কেন্দ্র: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী


স্টাফ রিপোর্টার, চঞ্চল। প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ৮:১৮ অপরাহ্ণ
বজ্রপাত থেকে সুরক্ষায় নির্মিত হবে বিশেষ আশ্রয়কেন্দ্র: কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী

দেশের উত্তরাঞ্চল ও হাওড় এলাকার মানুষের জানমাল রক্ষায় আধুনিক বজ্রনিরোধক সুবিধাসম্পন্ন ‘বজ্র আশ্রয়কেন্দ্র’ নির্মাণের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ রোববার (১০ মে) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে একটি খাল খনন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের চরাঞ্চলগুলোতে বজ্রপাতে প্রাণহানি আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই ঝুঁকি কমাতে সরকার বিশেষায়িত আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি উত্তরাঞ্চল ও হাওড় এলাকায় প্রয়োজনীয়তা অনুযায়ী বন্যা আশ্রয়কেন্দ্রের সংখ্যাও বাড়ানো হবে।

দেশব্যাপী পরিবেশের ভারসাম্য রক্ষা ও কৃষির উন্নয়নে সরকার বড় ধরণের কর্মসূচি হাতে নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “চলতি বছর ১ হাজার ৫০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে মোট ৭ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।” তিনি আরও যোগ করেন, খাল খননের ফলে পানি সংরক্ষণ, মৎস্য চাষ ও কৃষিকাজে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

খাল খনন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।