গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ১০, ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। রোববার (১০ মে) ভোররাতে উপজেলার বাগচলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একটি পিকআপ ভ্যান নিয়ে একদল ব্যক্তি গরু চুরি করতে এলাকায় প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে তিনজনকে আটক করে গণধোলাই দেওয়া হলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত হন আরও দুজন।

পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাকি দুজনকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে শহীদুল ইসলাম গণমাধ্যমকে জানান, গরু চোর সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আরও কয়েকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি শহীদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।